মহিউদ্দিনের দাবি, মরণোত্তর জিয়াকে বিচার করে ফাঁসি দেওয়া হউক
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬
Manual1 Ad Code
সুরমা মেইল ডেস্ক : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি বলেছেন, বিশ্ব বাঙালি সম্মেলন ও সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গসহ আপন স্বজনদের হত্যার নেপথ্যে ছিলেন জিয়াউর রহমান। মরণোত্তর জিয়াকে বিচার করে ফাঁসি দেওয়ার দাবিও জানান তিনি।
মঙ্গলবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও জঙ্গিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
মহিউদ্দিন খান আলমগীর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের প্রথম দিক থেকেই উৎসর্গীত প্রাণ হয়ে রাজনীতি করেছেন এবং দেশের মানুষকে ও বাংলাদেশকে মুক্ত করার লক্ষ্যে তাঁর রাজনীতি ছিল। তিনি তাঁর জীবনের মাঝামাঝি সময়ে ৬ দফা প্রণয়ন করে রাজনীতিতে অগ্রসর হতে থাকেন। পরবর্তীতে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হয়ে তিনি এই আন্দোলনকে এমনভাবে জোরদার করেন যে, দেশে তখন অসহযোগ আন্দোলনের সৃষ্টি হয় এবং তাতে নেতৃত্ব দেন জাতির জনক। সর্বশেষ তাঁর আদর্শের উপর ভিত্তি করে বাঙালি জাতি বাংলাদেশকে মুক্ত করে স্বাধীন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব বাঙালি সম্মেলন ও বিশ্ব কবিতা কংগ্রেসের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাবউদ্দিন আহমদ ও পীরজাদা শহীদুল হারুন। আলোচনায় অংশ নেন অধ্যাপক এমএ রকিব খান ও খোন্দকার মো. সেলিম প্রমুখ।