সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মে ২৯, ২০১৭
মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার রতনপুর (ছাতিয়াইন) এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ তাপশ বড়ুয়া জানান, সকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের প্রায় ১ কিলোমিটার উত্তরে দুই কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হচ্ছেন, মাধবপুর উপজেলার মাদারবড়া গ্রামের আকবর আলী খানের ছেলে ও নোয়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তামজিদ খান (১৬) ও ইছব আলীর ছেলে নির্মাণ শ্রমিক রুবেল মিয়া (১৫)।
স্থানীয়রা জানান, ওই দুই কিশোর সেহরি খেয়ে ফজরের নামাজ শেষ করে এসে রেললাইনে হাঁটা হাঁটি করছিল। সকাল ৭টার দিকে তারা ট্রেনে কাটা পড়ে। তবে কোন ট্রেনে তারা কাটা পড়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।
Design and developed by ওয়েব হোম বিডি