সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় এক তরুণীকে বাড়ি থেকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় মাহবুবুল ইসলাম সুমন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১২ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
মাহবুবুল ইসলাম সুমন হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শংকরপাশা গ্রামের জাকির হোসেন ওরফে নানু মাস্টারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২ জানুয়ারি ওই তরুণীকে বাড়ি থেকে অপহরণ করে তুলে নিয়ে যায় সুমন। পরে তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করেন তিনি।
এ ঘটনায় ওই দিন রাতেই মেয়ের চাচাতো ভাই ইউনুছ মিয়া বাদী হয়ে সুমন ও তার বাবা নানু মাস্টারের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। পরে মামলাটি দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ আসামি সুমনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আসামি সুমন বর্তমানে পলাতক রয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি আবুল হাশিম মোল্লা মাসুম যাবজ্জীবন সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি