সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৮
হবিগঞ্জের মাধবপুরে মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে হেলাল মিয়া (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া ওই গ্রামের মৃত ছনাই মিয়ার ছেলে।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, লক্ষ্মীপুর গ্রামে নুরে মদিনা মসজিদে পবিত্র শবে মেরাজের মিলাদ শেষে সিন্নি বিতরণকে কেন্দ্র করে হেলাল মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হয় একই গ্রামের এখলাছ মিয়ার।
এক পর্যায়ে হেলাল মিয়া মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে এখলাছ মিয়াসহ তাদের লোকজন হেলালের উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায়। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা হেলালকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিটুন রায় তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের গ্রেফতার করতে অভিযান চালায়। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডা. মিঠুন রায় জানান, নিহত হেলালের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি