সিলেট ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার রাজনগর উপজেলায় বন্যার পানিতে নিখোঁজ হওয়ার এক দিন পর আশরাফ মিয়া নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে বন্যার পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। নিহত আশরাফ মিয়া ওই গ্রামের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নদীভাঙনের আশঙ্কায় আকুয়া গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেক পরিবার তড়িঘড়ি করে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়। এ সময় আশরাফ মিয়া ঘরের ভেতরেই থেকে যান।
পরে এলাকায় বন্যার পানি দ্রুত বাড়তে থাকায় তিনি আর ঘর থেকে বের হতে পারেননি। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের ভেতর বন্যার পানিতে তার মরদেহ দেখতে পান। পরে স্বজনরা মরদেহটি উদ্ধার করেন।
টেংরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া বলেন, বন্যার পানিতে ডুবে আশরাফ মিয়ার মৃত্যু হয়েছে।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি