সিলেট ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের একটি ‘গোপন সভার’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকেই ‘আত্মগোপনে’ রয়েছেন সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। মাঝখানে তিনি কিছুদিন যুক্তরাজ্যে ছিলেন বলেও জানা গেছে।

আটক তারা মিয়া।
কয়েকদিন আগে রনজিত সরকারের একটি সভা ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর তারা মিয়াকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়া সভাটি গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন। পরে সুনামগঞ্জ থেকে পুলিশের একটি দল তাকে নিয়ে রাতারগুলে যায়।
সন্ধ্যার দিকে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘তারা মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী ওখানে গিয়ে জানা যায়, শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী ৮ নভেম্বর রাতারগুল ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নেন। ওখানে শিক্ষা সফরের ব্যানারও প্রথম লাগানো হয়। পরে হঠাৎ করে রনজিত সরকার উপস্থিত হন এবং ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।’
এ বিষয়ে জানতে সিলেটের পুলিশ সুপার (এসপি) চৌধুরী মো. যাবের সাদেককে মোবাইল করা হলে তিনি ফেন ধরেননি। তবে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল বলেন, ‘রাতারগুলে প্রোগ্রাম হওয়ার বিষয়ে আমরা কর্নফাম না।’
রাতে সোহেল স্কয়ার ইকো রিসোর্টের ফেইসবুক পেইজে দেওয়া নম্বরে মোবাইল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) সাবেক সংসদ সদস্য রনজিত সরকার মেঘালয় সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে গোপন সভায় অংশ নেন। সভার একটি ভিডিও সোমবার (৯ নভেম্বর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে রনজিত সরকারকে বক্তব্য দিতে দেখা যায়।

ছবি- ভিডিও থেকে নেওয়া।
বক্তব্যে তিনি ২০২৪ সালের ৫ অগাস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গ্রেপ্তার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন। এ সময় তিনি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কথা উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতের দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ সাংবাদিকদের জানান, ‘রনজিৎ সরকারের ছড়িয়ে পড়া ভিডিওটিতে তারা মিয়াকে স্পষ্ট দেখা গেছে। ভিডিও বিশ্লেষণ ও ফোনের প্রযুক্তিগত অবস্থান শনাক্ত করে মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়।’
বর্তমানে এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি