সিলেট ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম (৫০), নিজামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক মিয়া (৪৫), গোপায়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া (৩৫), যুবলীগ নেতা আমিনুল ইসলাম (৪৭), পইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ছন্দু মিয়া (৫৬), লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান (৬২) ও পইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনাম মিয়া (৪৮)।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক জানান, গত শনিবার দিবাগত রাতে শহরের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় এনাম মিয়া, আব্দুল মান্নান, ছন্দু মিয়া, আমিনুল ইসলাম ও সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।
ওসি আরও জানান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম ও রফিক মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী একটি মামলা রয়েছে। ওই মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি