সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২২
রাজনগর সংবাদদাতা :
মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ি দুটি উদ্ধার করেছেন।
রোববার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়নের নন্দীউড়া এলাকায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন (৪০) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুস শহীদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে আসা প্রাইভেট কার (ঢাকা মেট্রো খ- ১২-০৭৭৯) ও মৌলভীবাজার থেকে কৃষি গবেষণা ইনস্টিটিউটের পিকআপের (গাজীপুর মেট্রো ঠ-১১-০০৫২) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেটকার চালক জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় পিকআপ ভ্যান চালক আব্দুল আহাদ (৪৫) ও আরোহী নারী আব্দুন নাহার (৭৫) আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে।
এ ব্যাপারে রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মৃতদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
Design and developed by ওয়েব হোম বিডি