সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৮
এই সরকার ১৭ বছর আগে দুর্নীতির জন্য স্বীকৃতি পেয়েছে। এখন পেয়েছে স্বৈরাতন্ত্রের স্বীকৃতি। আগামীতে আন্তর্জাতিক শ্রেষ্ঠ দুর্নীতিবাজ সরকারের স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (০২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইতিমধ্যে মানুষের কাছে দুর্নীতির স্বীকৃতি পেয়ে গেছে; এখন আন্তর্জাতিক দুর্নীতিবাজ স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় আছে।
আমীর খসরু বলেন, আপনি দুর্নীতি করতে চাইলেই তা করতে পারবেন না। আওয়ামী লীগ দুর্নীতিকেও একদলীয় করে ফেলেছে। এখন দুর্নীতিও একদলীয়ভাবে চলছে। তাদের বাইরে কারো দুর্নীতি করার কোন সুযোগ নেই। আপনি দুর্নীতি করতে চাইলে তাদের সঙ্গে থাকতে হবে।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেমন সন্ত্রাস হচ্ছে তেমনি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন দুর্নীতি হয় সেটা ছোট সংখ্যায় হয় না। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়। এটাকে বলে কুইক রেন্টাল দুর্নীতি। কুইক রেন্টাল নামে কুইক দুর্নীতি হয়েছে আর মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হচ্ছে।
তিনি বলেন, সরকার বাংলাদেশের মানুষের শুধু মালিকানাই কেড়ে নেয়নি, সমস্ত সম্পদও কেড়ে নিয়েছে। ব্যাংকে এখন টাকা নেই। ঋণের মাধ্যমে ব্যাংক খালি করেছে। এটার প্রভাব পড়বে আগামী প্রজন্মর উপর।
খালেদা জিয়ার কারাবাসের বিষয়ে তিনি বলেন, উনি জেল খাটছেন গণতন্ত্রের জন্য। বাড়ি হারাতে হয়েছে, আদরের ছেলেকে হারিয়েছেন এই গণতন্ত্রের জন্য। আগামীতে উনি বিশ্বনেতা হবেন। বিশ্ববাসীর কাছে গণতন্ত্রের মাতা হিসেবে পরিচিত হবেন। আজ যারা তাকে কারাগারে রেখেছেন তারা বুঝতে পারছেন না কাকে আটকে রেখেছেন।
আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী সদস্য আবু নাসের রহমত উল্লাহ, রফিক শিকদার, নিপুন রায় চৌধুরী প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি