সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মে ৭, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সদস্য ঘোষিত সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রাজনৈতিক নীতি ও আদর্শের দিক থেকে আমরা সবাই স্বাধীনতার চেতনা, ইসলামি মূল্যবোধ তথা সকল ধর্মের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদ আদর্শের অনুসারী ও ধারক বাহক। সম্মিলিত জাতীয় জোটে স্বাধীনতা বিরোধী শক্তির জায়গা হবে না।
রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘সম্মিলিত জাতীয় জোট’ ঘোষণা করে তিনি একথা বলেন।
এরশাদ বলেন, বর্তমান সংসদীয় গনতান্ত্রিক বিশ্বে জোটগত রাজনৈতিক প্রবণতা বিরাজ করছে। আমাদের দেশে ও এই ধারা অব্যাহত আছে। এই জোটের রাজনীতির মাধ্যমে অন্যান্য রাজনৈতিক দলের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন করা হবে।
তিনি বলেন, জোট গঠনের জন্য আমরা দুইভাবে জোটের শরীক নির্বাচনের নীতি গ্রহণ করছি। যে সকল দল নির্বাচন কমিশনে নিবন্ধিত আছে সেই দল সরাসরি জোটের শরীক হিসেবে থাকবে। যারা নিবন্ধনের জন্য আবেদন করছে তাদের সঙ্গে নিয়ে আমরা বৃহত্তম জোট গঠন করেছি।
তিনি আরো বলেন, প্রথম পর্যায়ে ২টি নিবন্ধিত দল এবং ২টি জোট এই ৪টি শরীক নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানে নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোট যাত্রা শুরু করছে। দেশ, জাতি, গণতন্ত্র এবং সংবিধানের স্বার্থে আমাদের এই জোটের বিকল্প নাই।
মহাজোটে জাতীয় পার্টি থাকছে কিনা এমন প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ১৪ দলীয় জোট জাতীয় পার্টি এতো দিন ছিল আজ থেকে মহাজোটের সঙ্গে আমাদের কোনো জোটগত সম্পর্ক নেই।
এর আগে জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বে ৫৮টি দল মিলে নতুন সম্মিলিত জাতীয় জোট (ইউএনও) ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এ জোটের চেয়ারম্যান হলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে জোটের মুখপাত্র করা হয়েছে। মোট ৫৮টি দল দিয়ে গঠিত এ জোটে জাতীয় পার্টি ছাড়াও দুইটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।
সম্মলিত জোটের শরীকরা হলো জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় ইসলামি মহাজোট এবং বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, জাতীয় ইসলামি মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক এবং বাংলাদেশ জাতীয় জোট( বিএনএ) চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।
Design and developed by ওয়েব হোম বিডি