সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২১
নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো সাতজনকে দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার (০৯ আগস্ট) পুলিশ গ্রেপতারদের ৫ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ:) থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক দেবাংশু পাল। এর আগে রোববার (২৫ জুলাই) তাদের আটক করে র্যাব।
আটককৃতরা হলেন- সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের পিরেরচক গ্রামের মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৪৭), নগরীর মেন্দিবাগ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আশফাকুর রহমান (৩২), গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জের আওই বানীগ্রামের মোবারক আলীর ছেলে সোহেল আহমদ, গোলাপগঞ্জের বাঘীরঘাট গ্রামের মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), কুচাই পশ্চিমবাগ গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮), এসএমপির এয়ারপোর্ট থানাধীন আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।
র্যাব কর্মকর্তা সোমেন মজুমদার জানান, ২২ জুলাই রাতে আটকরা সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ক্যাম্পে আগুন লেগেছে বলে ফেসবুকে গুজব ছড়ায়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গুজব রটানাকারীদের গ্রেফতার করতে অভিযানে নামে র্যাবের সাইবার মনিটরিং টিম।
পরে সিলেটের বিভিন্ন স্থান থেকে তাদের শনাক্ত করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে এসএমপির শাহপরাণ (রহ:) থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি