সিলেট ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সিলেটের কানাইঘাটের দুই প্রবাসীর মরদেহ দেশে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং-বিজি-২০৬ বিমানটি সকাল ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।
পরে মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) তাজউদ্দিন।
পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়।
সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) তাজউদ্দিন জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৩৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তীতে আরও ৩ লক্ষ টাকা অনুদান পাবেন নিহতদের পরিবার।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে ‘আল-খুরমা’ এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ চার বাংলাদেশি নিহত হন।
নিহতদের মধ্যে দুজন হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ।
(সুরমামেইল/এমএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি