সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বিস্ফোরণে আহত হয়েছেন আরো কয়েক ডজন। শনিবার (০৬ নভেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে হতাহতের এই তথ্য জানানো হয়েছে।
বিবিসি বলছে, শুক্রবার রাজধানী ফ্রিটাউনের এক ব্যস্ত জংশনে ৪০ ফুট দীর্ঘ তেলবাহী একটি ট্যাংকারের সাথে অন্য একটি বাহনের সংঘর্ষ হয়। এতে মুহূর্তের মধ্যে সেখানে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরিত ট্যাংকারের চারপাশে আগুনে পোড়া মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ফ্রিটাউনের মেয়র ইভন আকি-সায়ার এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করলেও বিস্ফোরণে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে বলে গুজব ছড়িয়েছে। যদিও এখন পর্যন্ত মৃতের সঠিক সংখ্যা জানা যায়নি। তবে দেশটির রাষ্ট্রায়ত্ত মর্গের ব্যবস্থাপক রয়টার্সকে বলেছেন, তারা এখন পর্যন্ত ৯১ জনের মরদেহ পেয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি