সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ভাবির ভাইকে (তালতো ভাই) হত্যা মামলায় লুৎফর রহমান নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে আদালতে অনুপস্থিত ছিলেন আসামি।
মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন। এ ছাড়া অপর আসামি মিজানুর রহমান দোষী সাব্যস্ত না হওয়ায় তাকে বেকুসর খালাস প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত লুৎফর রহমান সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আদর্শগ্রামের মৃত কুদরত উল্লার ছেলে। হত্যা মামলা দায়েরের পর থেকে সে পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২২ ফেব্রুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের আদর্শগ্রাম এলাকায় বেয়াই লুৎফুর রহমানের হাতে খুন হন তালতো ভাই তৈয়বুর রহমান। এ ঘটনায় ওই রাতে নিহতের বোন সিতারুন বেগম বাদী হয়ে ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় পুলিশ তদন্ত করে লুৎফুর রহমান ও মিজানুর রহমান নামে দুইজনকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করেন। পরে সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামি লুৎফুর রহমানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডসহ ২৫ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করেন। এ ছাড়া অপর আসামি মিজানুর রহমান দোষী সাব্যস্ত না হওয়ায় তাকে বেকুসর খালাস প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল আহমদ হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি