সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৭
২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার অভিযোগে করা মামলায় বেগম খালেদা জিয়াসহ পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে সোমবার দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারিক জেসমিন বেগম এই পরোয়ানা জারি করেন।
ওই আদালতের সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমান লিটন পরোয়ানার বিষয়টি জানিয়েছেন।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে দলীয় জোটের অবরোধের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় ইউনিক পরিবহনের একটি বাসে পেট্রলবোমা হামলায় আটজন নিহত হন। আহত হন আরো ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে ৫৬ জনের নাম উল্লেখ করে ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে ওই থানায় মামলা করে পুলিশ। সেই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির শীর্ষস্থানীয় ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়।
মামলার তদন্ত শেষে খালেদা জিয়াসহ মোট ৭৮ জনকে আসামি করে পুলিশ গত ৬ মার্চ কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইব্রাহিম।
এদিকে, রাজধানীর মিরপুরে নাশকতার অভিযোগের দুই মামলায় বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরবসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ মার্চ বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে মিরপুর এলাকায় নাশকতার অভিযোগ মামলা দায়ের করে পুলিশ।
২০১৬ সালের ২৪ জুলাই বিএনপি নেতা আমান উল্লাহ আমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও মারুফ কামাল খান সোহেলসহ ৪১ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি অভিযোগপত্র দায়ের করা হয়।
মামলায় বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরবসহ ১৮ জন বর্তমানে জামিনে আছেন।
Design and developed by ওয়েব হোম বিডি