সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৭
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আমিন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। কম আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত নুরুল আমিন শিবপাশা গ্রামের লালু মিয়ার পুত্র।
শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিবপাশা গ্রামের নিহত নুরুল আমিনের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল একই গ্রামের সৈয়দ মিয়ার পুত্র মাসুক মিয়ার। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নুরুল আমিন নিহত হন।
আহত অবস্থায় আরজু মিয়া, দারুল ইসলাম, সাহানুর মিয়া, হুমাউন মিয়া ও আজিজুর মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, নুরুল আমিন নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার পক্ষের লোকজন মাসুক মিয়ার লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে শিবপাশা ফাঁড়ির পুলিশ ও আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে নুরুল আমিন নামে একজন নিহত হয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি