সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হল একাধিক বহুতল ভবন। এরই মধ্যে ২২৭ জনের মৃত্যুর খবর মিলেছে। সেই সংখ্যাটা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।
শনিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় (স্থানীয় সময় অনুযায়ী) জোরালো কম্পন অনুভূত হয় দক্ষিণ-পশ্চিম হাইতিতে। তারপর একের পর এক ‘আফটারশক’ কেঁপে উঠতে থাকে বিস্তীর্ণ এলাকা।
ধ্বংস্তূপে চাপা পড়ে থাকাদের উদ্ধারে জরুরি বিভাগের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। তিনি এই ভূমিকম্পকে ‘ব্যাপক ক্ষতি’ বলে আখ্যায়িত করে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অতি মাত্রায় ক্ষয়ক্ষতির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। সবার আগে শিশুদের রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রাজধানী পোর্ত-অউ-প্রিন্সের পশ্চিমে প্রায় ১৫০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ২। অবশ্য ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) থেকে জানানো হয়, এই অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
এদিকে হাসপাতালগুলোতে আহতদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। দেশটির প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ত্রাণ কার্যক্রমের জন্য একটি কমিটি গঠন করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি