সিলেট ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬
মেইল ডেস্ক:
হামের প্রাদুর্ভাবের মধ্যে ঈদের সময় চিকিৎসাসেবা সচল রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাম আক্রান্ত রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও নার্সদের ঈদে ছুটি থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, যেসব হাসপাতালে হাম আক্রান্ত শিশুরা ভর্তি রয়েছে, সেখানে ঈদের ছুটির মধ্যেও চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, হাম রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোনো চিকিৎসক বা নার্স ছুটিতে যেতে পারবেন না। সবাইকে দায়িত্বে থাকতে হবে।
টিকা নেয়ার পরও শিশুদের হাম হতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিলেই শতভাগ নিশ্চয়তা পাওয়া যায় না। কোনো কোনো ক্ষেত্রে ভাইরাসের সংক্রমণ বেশি হলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়।
তিনি আরও বলেন, শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে গেলে বা সংক্রমণের মাত্রা বেড়ে গেলে জটিলতা তৈরি হতে পারে। তবে এ বিষয়ে বিশেষজ্ঞরাই সঠিক ব্যাখ্যা দিতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।
ঈদের সময় শিশুদের নিয়ে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে আক্রান্ত শিশুদের আত্মীয়স্বজনের বাড়িতে না নেয়ার জন্যও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।
(সুরমামেইল/এমকে)
Design and developed by ওয়েব হোম বিডি