সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২
মৌলভীবাজার প্রতিনিধি :
চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এরআগে বিকাল ৫টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া রেললাইনে গাছ পড়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
কমলগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, লাউয়াছড়ায় রেললাইনে বড় গাছ পড়ার কারণে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় শ্রীমঙ্গল স্টেশনে পাহাড়িকা এক্সপ্রেস ও সাতগাঁও স্টেশনে কালনী এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে গাছ সরানো হলে চার ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এদিকে, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান, গাছ সরানোর পর রাত সোয়া ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি