সিলেট ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে ফের অভিযান চালিয়েছে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। টানা দুই দিনের অভিযানে সেখান থেকে ১৩টি রকেট লঞ্চারসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করেছে যৌথবাহিনী।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মশিউর রহমান জানান, দুপুরে অভিযান শেষ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২২ নভেম্বর) ভোরে র্যাব-৭ ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের একটি টিম সাতছড়িতে অবস্থান নেয়। তারা সকাল থেকেই জাতীয় উদ্যানের ভেতর গহীন বনে অভিযান শুরু করে। দিনব্যাপী চলে এ অভিযান। রাতে অভিযান বন্ধ রাখা হয়। শনিবার সকাল থেকে ফের শুরু হয় অভিযান। দুই দিনব্যাপী অভিযানে গহীন বনের ভেতর থেকে ১৩টি (আরপিজি সেল) রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে এ অভিযান সমাপ্ত করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, র্যাব অভিযানের আগে থানায় জানায়নি। এ ঘটনায় শনিবার দুপুরে র্যাবের পক্ষ থেকে থানায় একটি জিডি করে এসআই সোহেল। এ দিকে, উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করতে তারা আদালতে আবেদন করেছে।
তিনি বলেন, অভিযানের খবর পেয়ে সেখানে আমিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুটে যাই। তাদের সঙ্গে কথাও বলেছি। আমরা বনের বাইরে ছিলাম। তারা জানিয়েছেন সাতছড়ি বনের প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে এ অভিযান চালানো হয়েছে। আভিযানিক টিমে উভয় বাহিনীর মোট ৩০ জন সদস্য ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের জুন মাসে ৩ দফায় র্যাব সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালায়। এ সময় রকেট লঞ্চার, মেশিনগান, মেশিনগানের গোলা, ট্যাংক বিধ্বংসী গোলাবারুদসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় বেশ কয়েকটি বাংকারেরও সন্ধান পায় র্যাব।
Design and developed by ওয়েব হোম বিডি