সিলেট ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬
অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস। ছবি: সংগৃহীত
হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়।
এর আগে মঙ্গলবার সকালে মাসুদ আলম নামে এক ব্যক্তি তার আইটিভির ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। এতে এএসআই অতনু বণিককে থানার পুকুরপাড়ে বসে থাকতে দেখা গেছে। ভিডিওতে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়া এবং তাকে মামলায় ফাঁসানোর পরিকল্পনা নিয়ে কথোপকথনের অভিযোগ ওঠে। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা ব্যক্তি এএসআই অতনু বণিক। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে মঙ্গলবার বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি গত মার্চ মাসের। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে চুনারুঘাট থানার এএসআইয় মোহাম্মদ ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর একদিনের ব্যবধানে এএসআই অতনু বণিকের ঘুষ সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি