সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
সুরমা মেইল ডেস্ক : বিএনপি অভিযোগ করেছে, করোনার সংক্রমণে অসুস্থ মানুষের প্রতি সরকার যেমন কোনো দায় বোধ করেনি ঠিক তেমনি বন্যা কবলিত লাখ লাখ অসহায় মানুষের প্রতিও সরকার ভ্রুক্ষেপহীন রয়েছে।
শনিবার (১৮ জুলাই) নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন অভিযোগ করেন।
এ সময় রিজভী আহমেদ বলেন, বন্যাদুর্গতদের জন্য শুধুমাত্র লিপ সার্ভিস ছাড়া সরকার এখন পর্যন্ত কোন কার্যকর উদ্যোগই গ্রহণ করেনি। বন্যা উপদ্রুত মানুষগুলোর জন্য ত্রাণের ব্যবস্থা না থাকায় তারা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। করোনার মহামারি মোকাবিলায় অনাচার, অব্যবস্থাপনার ব্যর্থতার ন্যায় বন্যা মোকাবিলায় সরকার রয়েছে উদাসীন ও নির্লিপ্ত।
রিজভী বলেন, করোনা মহামারি মোকাবেলায় ক্ষমাহীন ব্যর্থতা, করোনার টেস্ট জালিয়াতি ও ভয়াবহ বন্যার দুর্যোগ ধামাচাপা দেওয়ার জন্য নানা ইস্যু তৈরি করে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, ২৩ দিন ধরে অতিবাহিত হওয়া বন্যা পরিস্থিতির এখনও কোন উন্নতি নেই। বরং দিনকে দিন বন্যা প্রলয়ংকারী রূপধারণ করছে। অস্বাভাবিকভাবে তীব্র ও দীর্ঘস্থায়ী এই বন্যার কবলে প্রায় ২০-২৫টি জেলার বিস্তৃর্ণ অঞ্চল পানিতে ডুবে গেছে। দেশের অধিকাংশ নদনদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি