সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
সুরমা মেইল ডেস্ক : হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন ঢাকা খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজুনুল উলূম মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম জিহাদী। একইসঙ্গে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি সম্প্রসারণ করে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়েছে।
এছাড়া সংগঠনটির ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার জন্য আলোচনায় আসা মামুনুল হককে ঢাকা মহানগরীর সেক্রেটারি করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৩ ডিসেম্বর) চট্টগামের হাটহাজারী মাদ্রাসায় এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও জুনায়েদ বাবুনগরীর মামা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
এতে উপস্থিত ছিলেন বর্তমান আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী, উপদেষ্টা মাওলানা নোমান ফয়জী, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মুফতি জসিম উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হাকীম, মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা হাবীবুল্লাহ আজাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী প্রমুখ।
বৈঠকে সংগঠনের নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহকে সিনিয়র নায়েবে আমীর, সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।
মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সেক্রেটারী করে ঢাকা মহানগর কমিটি এবং মাওলানা হাফেয তাজুল ইসলামকে সভাপতি ও মাওলানা লোকমান হাকীমকে সেক্রেটারি করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর শতবর্ষী ধর্মীয় ব্যক্তিত্ব শাহ আহমদ শফী মারা যান। শফীর মৃত্যুর পর গত ১৫ নভেম্বর প্রতিনিধি সম্মেলন করে হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আমীর নির্বাচিত হন আগের কমিটির সহাসচিব জুনাইদ বাবুনগরী। মহাসচিব নির্বাচিত হয়েছিলেন নুর হোসাইন কাসেমী, যিনি কয়েকদিন আগে মারা যান।
Design and developed by ওয়েব হোম বিডি