সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় সূত্রগুলো। আহত হয়েছেন অন্তত ছয় শতাধিক।
শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে দ্বীপটিতে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। উৎস ছিল মাজেনি শহরের ৬ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
সাত সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কিত মানুষ বেরিয়ে এসে খোলা জায়গায় অবস্থান নেয়।
ওই ভূমিকম্প এবং পরাঘাতে কয়েক জায়গায় ভূমিধস হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকায়, সেতু ক্ষত্রিগ্রস্ত হওয়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।
অন্তত ৬০টি ভবন এ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে দুটি হোটেল, প্রাদেশিক গভর্নরের কার্যালয় এবং একটি মল রয়েছে।
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি না হলেও আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের অনেকে অপেক্ষাকৃত উঁচু এলাকায় সরে যাওয়ার চেষ্টা করেন। তবে ভূমিকম্প পরবর্তী পরাঘাত অব্যাহত থাকায় এখনও সুনামির আশঙ্কা রয়েছে বলে কেউ কেউ মনে করছেন।
এর আগে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার একই জেলায় ৫.৯ মাত্রার ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
Design and developed by ওয়েব হোম বিডি