সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের লন্ডনের হাইড পার্কে লকডাউনবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবার (২০ মার্চ) দুপুরে এ বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় অন্তত ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সার্ভিস জানায়, তারা এখন পর্যন্ত ৩৬ জনকে গ্রেপ্তার করেছে। করোনাভাইরাস থেকে সুরক্ষায় সরকার ঘোষিত বিধি-নিষেধ না মানায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। কোনো কারণ ছাড়াই তারা বাসার বাইরে ঘোরাফেরা করছিলো।
এনডিটিভির খবরে বলা হয়, হাইড পার্কের এই সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেন। তারা দীর্ঘদিন ধরে চলা কঠোর বিধি-নিষেধের বিরোধিতা করেন। তারা সেন্ট্রাল লন্ডন প্রদক্ষিণ করেন মিছিল করে। ১শ’ জনের বেশি বিক্ষোভকারী হাইড পার্কে ফিরে আসেন।
পুলিশ বলছে, তারা পুলিশের উদ্দেশে হামলার উদ্যোগী হয়। এ সময় কয়েকজন পুলিশ আহত হন।
ডেপুটি অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার লরেন্স টেইলর বলেন, শুরুতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হলেও পরবর্তীতে সেখানে সহিংসতার ঘটনা ঘটে। লোকজনকে ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে যারা বিভিন্ন বিধি-নিষেধ প্রয়োগের বিষয়ে কাজ করছেন তাদের ওপরই সহিংস হামলা চালানো হয়েছে। এ ধরনের ঘটনা মেনে নেওয়ার মতো নয়।
চলতি বছরের জানুয়ারি থেকেই ইংল্যান্ডে লকডাউন জারি রয়েছে। সে সময় দেশটিতে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করায় হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকে এবং সংক্রমণে মৃত্যুর ঘটনাও বেড়েছিল। ফলে কর্তৃপক্ষ কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়।
Design and developed by ওয়েব হোম বিডি