সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। সেই সাথে উদ্ধার করা হয়েছে দুই জনের মরদেহ।
রোববার (২৭ জুন) তিউনিসিয়া উপকূল থেকে তাদের উদ্ধার করে দেশটির নৌবাহিনী।
উদ্ধারকৃতদের বেশিরভাগই বাংলাদেশি। যারা নৌকায় করে অবৈধভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করছিলেন। উদ্ধারকৃত অন্যরা হলো ইরিত্রিয়া, মিশর,মালি ও আইভরি কোস্টের নাগরিক।
তিউনিসিয়া নৌবাহিনীর মুখপাত্র মোহাম্মদ যেকরি জানান, অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় করে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাচ্ছিলো। পথে তাদের নৌকা ভেঙে যায় এবং সেটি ডুবে যেতে থাকে। পরে সংকেত পেয়ে তিউনিসিয়া নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের উদ্ধার করে।
এর আগে গত ২৫ জুন ভূমধ্যসাগরে ভাসমান অবস্থা থেকে ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। পরে তিউনিসিয়া কোস্টগার্ড জানায়, ২৬৪ বাংলাদেশি ও তিন মিসরীয় নাগরিক, অর্থাৎ মোট ২৬৭ অভিবাসনপ্রত্যাশী একটি নৌকায় করে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যেতে চাচ্ছিলেন। কিন্তু মাঝসমুদ্রে নৌকাটি বিকল হয়ে গেলে বিপদে পড়েন তারা। সূত্র: এবিসি নিউজ।
Design and developed by ওয়েব হোম বিডি