সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাড়ে ৯ হাজার জন। এছাড়া অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
সিভিল প্রটেকশন এজেন্সি আরো জানায়, দুর্ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন ৯ হাজার ৯শ ১৫ জন। এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ। উদ্ধার কার্যক্রম চলছে। নিহতের এ সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। চিকিৎসা সেবা দিতে চিকিৎসকরা হিমশিত খাচ্ছেন।
স্থানীয় সময় গত শনিবার সকালে হাইতির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। শক্তিশালী ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ভূমিকম্পে হতাহতদের স্মরণে দেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, হাইতির সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। এ জায়গাটি রাজধানী পোর্ট–অ–প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে। পোর্ট–অ–প্রিন্সেও কম্পন অনুভূত হয়। প্রতিবেশী দেশগুলোও ভূমিকম্পে কেঁপে ওঠে।
প্রসঙ্গত, ১১ বছর আগে হাইতি ভূমিকম্পে চরম বিপর্যয়ে পড়েছিল। সে সময় দুই লাখের বেশি মানুষ মারা যায়। সেই ক্ষতি এখনও পুষিয়ে নিতে পারেনি দেশটি। এর মাঝেই এবারের ভূমিকম্পে আবারও বিধ্বস্ত হলো দরিদ্র দেশটি।
Design and developed by ওয়েব হোম বিডি