সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এটিএম বুথ ভেঙে টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হওয়া চার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ২টার দিকে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১২ সেপ্টেম্বর রাতে সিলেটের ওসমানীনগর থানার শেরপুর নতুন বাজার হাজী ইউনুস উল্ল্যাহ মার্কেটের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের নিচতলায় এটিএম বুথের দায়িত্বরত পাহারাদারকে মারপিট করে হাত ও মুখ স্কচটেপ পেঁচিয়ে বেঁধে বুথে রক্ষিত ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায় ৪ ডাকাত। এ ঘটনার দৃশ্য ধারণ হয় বুথের সিসি ক্যামেরায়।
।আরও পড়ুন
এ ঘটনায় ইউসিবিএল ব্যাংকের শেরপুর শাখা ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে অজ্ঞাত চার দুস্কৃতিকারীকে আসামি করে মামলা (নং-১৬(০৯)২১) দায়ের করেন।
এরপর অভিযানে ২১ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা হলেন- নূর মোহাম্মদ, শামীম আহমেদ ও আব্দুল হালিম।
গ্রেপ্তারের পর তাদেরকে বুধবার (২২ সেপ্টেম্বর) সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এদিকে একই দিন সন্ধ্যায় এ ঘটনার মূল হোতা ও পরিকল্পনাকারী সাফি উদ্দিন জাহিরকে (৩৮) হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন সংবাদ সম্মেলন করেন। এরপর আদালতে হাজির করে আসামিদের রিমান্ড আবেদন করে। পরে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
Design and developed by ওয়েব হোম বিডি