সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : ভারতসহ ছয়টি দেশের নাগরিকদের ওপর থেকে সরাসরি ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ জানিয়েছে, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম ও মিসরের যাত্রীদের পহেলা ডিসেম্বর থেকে সরাসরি রাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ২০ দেশের তালিকা থেকে বাদ পড়ল ছয় দেশ। ফলে ওই ছয় দেশের নাগরিককে আর অন্য দেশ হয়ে সৌদিতে প্রবেশ করতে হবে না। দুই ডোজ টিকাপ্রাপ্ত পর্যটকরা সরাসরি দেশটিতে যেতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের সৌদি সরকারের অনুমোদিত কোয়ারেন্টাইন সেন্টারে পাঁচ দিন থাকতে হবে।
জানা গেছে, দেশটিতে যে পর্যটকেরা ট্রানজিট সুবিধা নিয়েছিলেন তাদের জন্যও এ নিধেষাজ্ঞা প্রযোজ্য ছিল।
উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় চলতি বছরের ফেব্রুয়ারিতে কয়েক দেশ থেকে প্রবাসীদের সরাসরি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেচিল দেশটি। এই দেশগুলো হলো লেবানন, সংযুক্ত আরব আমিরাত, মিসর, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ভারত ও জাপান। ওই নিষেধাজ্ঞা আরোপ করে বলা হয়েছিল, এসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ করতে হলে প্রথমে অন্য দেশে গিয়ে দুই সপ্তাহ থাকতে হবে।
Design and developed by ওয়েব হোম বিডি