মৌলভীবাজারে টিলা ধসে ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২২

মৌলভীবাজারে টিলা ধসে ৩ শিশুর মৃত্যু

Manual5 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামে টিলার মাটিতে চাপা পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিনজনই ইসলামনগর গ্রামের বাসিন্দা এবং তিনজনই মাদ্রাসা ছাত্র।

 

শনিবার (২৬ মার্চ) দুপুরে ইসলামনগরের ভাটেরা রাবার বাগানের টিলায় এ ঘটনাটি ঘটে। নিহত সবাই প্রতিবেশি। এঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

নিহতরা হলো- ইসলামনগর গ্রামের আব্দুস সালামের পুত্র নাহিদ ইসলাম (১২), আব্দুল করিমের পুত্র কবির হোসেন (৮), ও তছবিুর রহমানের পুত্র নুরুল আমীন সুমন (১৩)।

 

তিনজনের পরিবারই খুবই দরিদ্র। তাদের পিতা দিনমজুরের কাজ করেন। এদের মধ্যে নাহিদ ইসলাম ও নুরুল আমীন সুমন স্থানীয় সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসার ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির ছাত্র এবং কবির হোসেন বদরুল নুরুল ইবতেদায়ী মাদরাসার ২য় শ্রেণির ছাত্র।

 

Manual4 Ad Code

সরেজমিন নিহতদের বাড়ি ইসলামনগরে গেলে দেখা যায়, সন্তানদের হারিয়ে মূর্ছা যাচ্ছেন পিতা-মাতা ও স্বজনরা। তাদের কান্নায় এলাকায় শোকের মাতম চলছে। তাদের মরদেহ দেখতে এলাকার শত শত লোকজন ভিড় করছেন।

 

নাহিদ ইসলামের পিতা আব্দুস সালাম ও শিশুদের স্বজনরা জানান, মাদ্রাসা থেকে এসে পরিবারের সদস্যদের না বলে ভাটেরা রাবার বাগান এলাকার ঘাগড়া ছড়ার পাশে টিলার গর্ত থেকে মাছরাঙ্গা পাখির ছানা ধরতে যায়। এসময় টিলার মাটি তিন শিশুর ওপর ধ্বসে পড়ে।

 

স্থানীয় লোকজন দুপুরের দিকে ওই টিলার নিচে শুধু এক শিশুর একটি হাত দেখতে পান। পরে মাটি সরিয়ে তিন শিশুকে মাটি চাপা পড়া অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনসহ স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে পাশশ্ববর্তী ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

 

কবির হোসেনের বাবা আব্দুল করিম বলেন, দুপুরে আমার ছেলে কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। হঠাৎ চিৎকার শুনে আমি ও আমার স্ত্রী গিয়ে দেখি টিলার মাটির নিচে চাপা পড়েছে। লোকজন এগিয়ে গিয়ে গর্ত খুড়ে মাটি সরিয়ে তাদেরকে মাটির নিচ থেকে বের করেন।

 

স্থানীয় লোকজনের দাবি, ভাটেরা ইউনিয়নের বিভিন্ন এলাকা পাহাড়ি টিলা শ্রেণীর। ভাটেরা রাবার বাগানের ঘাঘড়া ছড়া এলাকা থেকে অবাধে মাটি কাটার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। যদি ওই টিলা কাটা না হতো তাহলে তিন শিশু পাখির বাসা থেকে পাখি ধরতে গেলেও তারা মৃত্যুবরণ করতো না।

 

ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম বলেন, ওই টিলার পাশে একটি ছড়া রয়েছে। টিলার নিচ থেকে একটি চক্র বালু মাটি নেওয়ার কারণেই টিলাটির নিচ অংশ গর্ত হয়ে যায়। এ জন্য সকালে বৃষ্টিতে টিলার মাটি নরম হয়ে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিক আমার ব্যাক্তিগতভাবে ওই তিন শিশুর পরিবারকে ৫হাজার টাকা করে সহযোগিতা দিয়েছি।

 

টিলার মাটি অবাধে কাটা হচ্ছে কেন কারণ জানতে চাইলে ভাটেরা রাবার বাগানের সহকারী ব্যবস্থাপক মো. কামরুজ্জামান মুঠোফোনে বলেন, মাটি কাটার বিষয়ে জানি না। যে এলাকায় শিশু তিনজন মারা গেছে শুনেছি এটা ছড়ার পাশের এলাকা। সরেজমিন গিয়ে বিস্তারিত জানার পর বলতে পারবো টিলাটি আমাদের বাগানের  এলাকায় পড়েছে কি না।

 

Manual7 Ad Code

কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, মাটি চাপায় তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল ছুটে আসি। নিহতদের পরিবারের স্বজনদের সাথে কথা বলেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় জানান, বৃষ্টিতে টিলার মাটি ধসে শিশু তিনটি চাপা পড়ে মারা যায়। অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code