সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২২
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভানুগাছ-শ্রীমঙ্গলের ফিনলে কোম্পানির রাবার বাগান এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর দেড়টায় শ্রীমঙ্গল থানা পুলিশ এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- রাজনগর উপজেলার করিমপুর গ্রামের মনু মিয়ার ছেলে মুন্না মিয়া (৩২) ও ব্রাক্ষ্মণবাড়ীয়ার নাসিরনগরের তায়েব আলীর ছেলে শাহিন মিয়া ওরফে দানা মিয়া।
পুলিশ জানায়, বুধবার রাত ১২ টা ৫৫ মিনিটে এসআই সুব্রত কুমার দাস ও এসআই আসাদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করেন। এসময় আরও ১৪-১৫ জন ডাকাত পালিয়ে যায়।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সি জানান, তাদের কাছ থেকে একটি পিস্তলসহ দেশীয় তৈরি বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ১টি ও ডাকাতির প্রস্তুতি আইনে ১টি মামলাসহ মোট ২টি মামলা রুজু করে কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি