সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণে বহু বাড়ি ঘর তলিয়ে গেছে।
স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা শনিবার এ মৃত্যুর খবর দিয়েছে। প্রাদেশিক রাজধানী থেকে ১৭৪ কিলোমিটার পূর্বে এস্তাহবান শহরে দেড় শতাধিক জরুরি উদ্ধারকারী লোক কাজ করে যাচ্ছেন। এস্তাহবান প্রদেশের গভর্নর ইউসুফ কারগার বলেন, শুক্রবার এস্তাহবান কাউন্টির সেন্ট্রালে ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক ভিডিওতে দেখা গেছে, প্রবল বন্যায় গাড়ি ভেসে গেছে। অনেক গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। পানিবন্দি হয়ে পড়েছেন অনেকে। বানের তোড়ে ভেসে গেছেন বেশ কয়েকজন। এখনও তাদের সন্ধান মেলেনি।
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষকে উদ্ধারের কথা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন প্রাদেশিক জরুরি ব্যবস্থা বিভাগের প্রধান খলিল আব্দুল্লাহি। দুর্যোগপূর্ণ আবহাওয়া কবে নাগাদ স্বাভাবিক হতে পারে পূর্বাভাসে বলা হয়নি। সূত্র : আল জাজিরা
Design and developed by ওয়েব হোম বিডি