সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
অধিকার রক্ষায়, দেশের জন্য প্রয়োজনে আবারো রাজপথে নেমে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মূল মন্ত্রই ছিল ‘আমার ভোট আমি দেবো, তোমার ভোটটাও আমি দেবো।’ তারা (আ.লীগ) ভোটের নামে জনগনের সাথে প্রতারণা করেছে। গত ১৫ বছরে দেশের কেউ ভোট দিতে পারে নাই। আমরা সবার ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। সবাই ভোট দিতে পারলে সঠিক লোক নির্বাচন করতে পারবো এবং সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভাল ভাল কাজ করবে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শীবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠিত জনসভায় এসব কথা বলেন তিনি।
ভারতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, তারা বার বার বলে ৭১ এ আমাদের দেশটাকে তারা দান করেছে। তাদের বলছি “জান দিয়ে পেয়েছি আমরা এ বাংলা, কারো দানে নয়”। ৭১ আমরা ভুলিনি, ভুলতে পারিনা। আমাদের লাখো শহীদের জানের বিনিময়ে এ বাংলা আমরা পেয়েছি। ২০২৪-এ এসেও ছাত্র-জনতার জানের বিনিময়ে আবারো নতুন করে এ দেশকে পেয়েছি আমরা।
বিএনপি মহাসচিব বলেন, আমরা সংস্কার তো চাই। ২০১৬ সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ দিয়েছিলেন। এরপর আমাদের নেতা তারেক রহমান দুই বছর আগে ২০২২ সালে ৩১ দফা দিয়েছিলেন। সেই ৩১ দফাই হচ্ছে সংস্কার। সাধারণ মানুষ সংস্কার বোঝে না। তারা চায় তারা যেন ভোট দিতে পারে। আমাদের দেশটা যেন শান্তিতে থাকে। জিনিসপত্রের দাম যেন কম হয়। মারামারি ও চুরি-ডাকাতি যেন না হয়।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি ভেবেছিলেন কোনদিন ক্ষমতা থেকে যাবেনা। কিন্তু কয়েক মাসের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে। সেই নেত্রী যিনি সবসময় বলতেন আমি পালাইনা। আমি ভয় পাইনা। আমি মুজিবের বেটি। সেই মহিলা জীবন নিয়ে তার নেতাকর্মীদের ছেড়ে দিয়ে, সারাদেশের অসংখ্য আওয়ামী লীগারদের বিপদে ফেলে পালিয়ে গেছে। এই হল ফ্যাসিবাদের পরিণতি।
তিনি আরো বলেন, দেশ ছেড়ে ওপারে পালিয়ে গিয়ে হাসিনা ওখান থেকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। একটা মিথ্যা প্রচারণা চালাচ্ছে-এখানে নাকি আমাদের হিন্দু ভাইদের ওপর অত্যাচার করা হচ্ছে। আমরা খুব শান্তিপ্রিয় মানুষ। আমরা সব সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করেছি।
ছাত্র-জনতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি ছাত্র-জনতাকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের ভাইয়েরা যাঁরা ১৫ বছর লড়াই করেছেন, তাঁদের ধন্যবাদ জানাতে চাই। তাঁরা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। যেন আমরা দেশে আবার একটা গণতান্ত্রিক পথ সৃষ্টি করতে পারি।
ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, মহেবুল্লাহ আবু নুর, জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন্নাহার পেরিস, জেলা বিএনপির সহ সভাপতি পয়গাম আলী,জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল হান্নান হান্নু সহ দলটির অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি