সিলেট ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি:
চলতি বোরো মৌসুমের শুরুতেই সুনামগঞ্জের হাওরগুলোতে দেখা দিয়েছে পানি সংকট। অসময়ে হাওরের পানি শুকিয়ে যাওয়া ও সেচের বিকল্প ব্যবস্থা না থাকাসহ প্রাকৃতিক বৈরিতা কারণে হাওরে-হাওরে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। সেচের অভাবে ব্যাহত হচ্ছে বীজতলা তৈরির কাজ। অপরদিকে জমি থেকে দ্রুত পানি সরে যাওয়ায় দেখা দিয়েছে বিপত্তি।
হালচাষের পূর্বের ফসলি জমি ফেটে চৌচির। পানির অভাব ও চাষাবাদ ব্যয় বৃদ্ধির শঙ্কায় অনেক চাষি ধান চাষের আশা ছেড়ে দিয়েছেন। এতে বোরো মৌসুমে জেলার প্রায় সকল উপজেলার উঁচু এলাকার শত শত হেক্টর জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন চাষিরা। বিকল্প সেচের ব্যবস্থা না করতে পারলে সার্বিক আবাদ লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে না বলে জানিয়েছে কৃষি বিভাগ।
কৃষকরা বলছেন, প্রতিবছর কার্তিকের শেষ পর্যন্ত হাওরে পানি থাকে এবং বোরো মৌসুমের প্রস্তুতি শুরু হয় নভেম্বরের শেষে। কিন্তু এবার অক্টোবরের শেষেই হাওর থেকে পানি নেমে গেছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মাটি দ্রুত শুকিয়ে শক্ত হয়ে গেছে। ফলে সেচ খরচ বেড়ে গেছে কয়েক গুণ।
কৃষকেরা জানান, শুকনো জমি নরম করতে মেশিনে পানি সেচ দিতে প্রতি কেয়ারে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বাড়তি খরচ হচ্ছে। এই অতিরিক্ত ব্যয় অনেকেই সংস্থান করতে পারবেন না। তাছাড়া হাওরে পর্যাপ্ত খাল, ডোবা বা নদী না থাকায় সেচের জন্য বিকল্প ব্যবস্থা নেই। তাই বোরো মৌসুমের শুরুতেই চাষাবাদ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন হাওরপাড়ের কৃষকরা।
খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জের সদর উপজেলার ডাউকা, দামরাই, দেখার হাওর, কাংলার হাওর, তাহিরপুরের শনি, মাটিয়ান, মহালিয়া ও গুরমার হাওরসহ অধিকাংশ হাওরের বীজতলা এখন খাঁ খাঁ করছে। যে মাঠে এই সময়ে চারা গজানোর কথা, সেখানে এখন গবাদিপশু চরছে। হাওরে উঁচু এলাকার প্রায় জমি ফেটে চৌচির।
সদর উপজেলার কাঠইর ইউনিয়নের দামরাই হাওরের কৃষক রফিক মিয়া জানান, বৃষ্টি না হওয়ায় হাওরে এবার পানি আসেনি। বোরো সিজনের শুরুর আগে হাওর থেকে পানি সরে যাচ্ছে। পানি ধরে রাখার কোনো ব্যবস্থা না থাকায় হাওরের সকল জমি শুকিয়ে ফেটে যাচ্ছে। পানি সেচের কোনো ব্যবস্থা নেই। নদী থেকে পানি নিয়ে আসতে অনেক টাকা খরচ পড়বে। এলাকার কৃষকরা বড় বিপদে আছেন। অনেকেই জমির আশা ছেড়ে দিয়েছেন।
মফিজুল নামের আরেক কৃষক বলেন, হাওরে আমার ২৯ কেয়ার জমির মধ্যে ২২ কেয়ার জমি শুকিয়ে গেছে। পানির ব্যবস্থা করতে পারতেছি না। পানির ব্যবস্থা না হলে জমি চাষ করতে পারবো না। সরকার যদি সেচের ব্যবস্থা না করে দেয় তবে জমির আশা ছেড়ে দিতে হবে।
সুনামগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, এখন বীজতলা তৈরির সময়। তবে মাঠ পর্যায়ে যে খবর পাচ্ছি তা সুখকর নয়। পানি শুকিয়ে যাচ্ছে। পানির প্রাকৃতিক সংস্থানে যদি পানি ধরে না রাখা যায় তবে সেটি কৃষকদের জন্য ক্ষতি হবে। এতে চাষাবাদ লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হতে পারে বলে জানান তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক বলেন, কৃষকদের আগেই সতর্ক করা হয়েছিল যে এবার খরা ও অনাবৃষ্টির প্রভাব পড়তে পারে। বীজতলায় ঠিকমতো পানি না পেলে ফসল উৎপাদন ব্যাহত হবে। এ জন্য যেসব এলাকায় পানির উৎস রয়েছে, সেখান থেকে পানি এনে বীজতলা প্রস্তুত করতে হবে। কৃষকেরা ডিপ টিউবওয়েলের দাবি জানালেও হুট করে তা বসানো সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে কৃষকদের সচেতন করার পাশাপাশি বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা ছাড়া উপায় নেই। আমাদের মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, চলতি মৌসুমে জেলায় ২ লাখ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে বোরো আবাদ এবং ১০ হাজার ৪৬৮ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
(সুরমামেইল/এসডি)
Design and developed by ওয়েব হোম বিডি