সিলেট ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
ছবি- ভিডিও থেকে নেওয়া।
মৌলভীবাজার প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের গেটের সামনে এ ঘটনা ঘটে।
রিসোর্টসূত্রে জানা গেছে, বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ৮ নভেম্বর ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবারই তার চেক আউটের কথা ছিল। তবে এর আগেই সকালে হাসিবের ওপর হামলার ঘটনা ঘটে। যদিও এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
রিসোর্ট ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দম্পতি পরিচয়ে এক নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। তবে হামলার পর থেকে আত্মরক্ষায় আত্মগোপনে চলে গেছেন তিনি।’
তিনি আরও বলেন, ‘স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন হাসিব। রুম নাম্বার ১১৮-এর অগ্নিবীণায় অতিথি হিসেবে ছিলেন তারা।’
এ ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এক নারীর সঙ্গে হাসিব অটোরিকশায় কোথাও যাচ্ছেন। পথে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা অটোরিকশাটি আটকে তার ওপর হামলা চালায়। এ সময় দৌড়ে কোনোরকম প্রাণ বাঁচান হাসিব আল ইসলাম।
ভিডিওতে আরও দেখা গেছে, হামলাকারী হাসিব আল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে সন্ত্রাসী লীগ দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে হামলা করেছে। হামলায় হাসিব আহত। চিকিৎসাধীন আছে।
হামলার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বিএনপি সরকারকে ব্যবস্থা নিতে হবে। নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি