কুশিয়ারার ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা-মসজিদ-কবরস্থান

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

কুশিয়ারার ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা-মসজিদ-কবরস্থান

Manual8 Ad Code

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ:
নদীভাঙনে সাধারণত বিলীন হয় নদীর এক পাড়ের জনপদ। কিন্তু সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙন তৈরি করছে আরও উদ্বেগজনক বাস্তবতা।

 

স্থানীয়দের দাবি, নদীভাঙনে বাংলাদেশের সীমানার ভেতরের ভূখণ্ড বিলীন হয়ে নদীর ওপারে চলে যাচ্ছে। একের পর এক হারিয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি, মসজিদ ও কবরস্থান। শুধু ঘরবাড়ি নয়, সীমান্তবর্তী বাংলাদেশের ভূখণ্ডের অস্তিত্ব নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।

 

Manual5 Ad Code

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে জকিগঞ্জ সদর ইউনিয়নের ভাখরশাল এলাকায়। মাত্র তিন মাস আগে ভাঙন প্রতিরোধে কাজ করা হলেও এরই মধ্যে আবারও শুরু হয়েছে কুশিয়ারার ভয়াবহ ভাঙন। প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে বড় বড় ফাটল। কোথাও কোথাও বসতঘরের ভেতরেও ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আগামী বর্ষা মৌসুমে বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হতে পারে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কুশিয়ারা নদীর ভাঙনে সীমান্তবর্তী বাংলাদেশের প্রায় আধা কিলোমিটার ভূখণ্ড নদীর ওপারে চলে গেছে। ইতিমধ্যে বহু মানুষের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। হারিয়ে গেছে মসজিদ ও কবরস্থানও। ভিটেমাটি হারিয়ে কেউ কেউ রাস্তার পাশে ঘর তুলে বসবাস করছেন। আবার অনেকের বসতঘর এখন ভাঙনের মুখে। প্রতিদিন নদীর দিকে তাকিয়ে আতঙ্কে দিন কাটছে তাঁদের।

 

সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় বাসিন্দা আব্দুস শহীদ চুনু বলেন, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা শুরু হয়। ভাঙন প্রতিরোধে প্রাথমিক কাজ এবং পরবর্তী সময়ে বড় প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। উচ্চপদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাও এলাকা পরিদর্শন করেন। কিন্তু দীর্ঘদিন ধরে আশ্বাসই শুনে আসছেন তারা। বাস্তবে একের পর এক মানুষের ঘরবাড়ি ও জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।

 

তিনি বলেন, ইয়াছিন আলী, লালু মিয়া, রাসু মিয়া, মনির উদ্দিন, পিয়ারা বেগম, খাতুন বেগম ও সুফেলসহ অনেকেই ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারও বসতভিটা পুরোপুরি নদীতে বিলীন হয়েছে, আবার কারও ঘরের ভেতর ফাটল দেখা দিয়েছে। অনেকের অন্য কোথাও যাওয়ার জায়গাও নেই। বাধ্য হয়ে কেউ কেউ রাস্তার পাশে ঘর তুলে মানবেতর জীবন যাপন করছেন। স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে ব্লক দিয়ে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের বিকল্প নেই বলে মনে করেন তিনি। এ জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Manual5 Ad Code

 

স্থানীয় বাসিন্দা রুমেল আহমদ বলেন, ছোটবেলায় দেখেছেন, কুশিয়ারা নদীর তীর থেকে তাঁদের চলাচলের সড়ক প্রায় ৫০০ ফুট দূরে ছিল। সময়ের সঙ্গে নদীভাঙনে সেই দূরত্ব কমে এসেছে। ইতিমধ্যে মসজিদ ও কবরস্থান নদীগর্ভে বিলীন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মনোনীত ঠিকাদারের মাধ্যমে মাঝেমধ্যে কাজ হলেও স্থায়ী কোনো সুফল মিলছে না। কাজের নামে অর্থ ব্যয় হলেও মানুষের দুর্ভোগ কমছে না বলে অভিযোগ করেন তিনি।

 

জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ বলেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সামান্য মাটি ফেলে বাঁধ মেরামতের নামে দীর্ঘদিন ধরে কাজ করা হচ্ছে। কিন্তু এতে ভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না। গত বছর সুফলের বাড়ির পাশে প্রায় ১০০ ফুট এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিলে তিনি ব্যক্তিগত উদ্যোগে বাঁধ নির্মাণ করে স্থানীয় বাসিন্দাদের রক্ষার চেষ্টা করেন।

 

তিনি আরও বলেন, এ বছর প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ফাটল দেখা দিয়েছে। সময়মতো প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া না হলে আগামী বর্ষা মৌসুমে কয়েকটি এলাকার মানুষ বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। স্থানীয় সংসদ সদস্য বাঁধ পরিদর্শন করলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি নেই। বিভিন্ন সময়ে এসব এলাকায় কাজ করা হয়েছে। প্রকল্পের প্রাক্কলনও (ইস্টিমেট) তৈরি হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে সেসব কাজ বাস্তবায়িত হয়নি।

 

চেয়ারম্যানের ভাষ্য, মাটি ফেলে সাময়িক মেরামত করে এ ভাঙন ঠেকানো যাবে না। ঝুঁকিপূর্ণ এলাকায় ব্লক স্থাপন করে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে মানুষের বসতভিটা রক্ষার পাশাপাশি বাংলাদেশের ভূখণ্ড সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

 

Manual3 Ad Code

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা এলেই ভাঙন প্রতিরোধে নানা তৎপরতা দেখা যায়। কিন্তু বর্ষা শেষ হলে থেমে যায় কার্যক্রম। সাময়িক মেরামতের পর আবারও ভাঙন শুরু হয়। এভাবে বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন সীমান্তবর্তী এলাকার মানুষ। এবারও তিন মাসের ব্যবধানে একই এলাকায় নতুন করে ভাঙন দেখা দেওয়ায় তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

Manual5 Ad Code

স্থানীয়দের প্রশ্ন, কুশিয়ারার ভাঙনে আর কত বসতভিটা, ফসলি জমি, মসজিদ ও কবরস্থান হারালে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণে উদ্যোগী হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? তাঁদের দাবি, আগামী বর্ষার অপেক্ষায় না থেকে এখনই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে ব্লক স্থাপন ও টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। তা না হলে শুধু মানুষের শেষ আশ্রয়টুকুই নয়, সীমান্তবর্তী ভূখণ্ড রক্ষার সংকটও আরও গভীর হতে পারে।

 

(সুরমামেইল/এএইচএল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code