সিলেট ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
মেইল ডেস্ক:
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
কূটনৈতিক সূত্রের নিশ্চিত তথ্য অনুযায়ী, দুই নেতার মধ্যকার এই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
বর্তমান সরকার গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি দুই নেতার মধ্যে দ্বিতীয় উচ্চপর্যায় বৈঠক। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাঁদের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান দুই দেশের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ওপর বিশেষ জোর দিয়েছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী, তার স্ত্রী এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪টা ৩ মিনিটে তুরস্কের আনাতলিয়া বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম।
এদিন সকাল সাড়ে সাতটায় আনাতলিয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তুরস্কের ইস্তাম্বুলে দুই ঘণ্টার যাত্রা বিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আন্তালিয়ায় পৌঁছান তিনি।
আগামীকাল বুধবার (১১ নভেম্বর) বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি