সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আল-কায়েদা যোদ্ধারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সংখ্যালঘু আলাভি গোত্রের ১৯ বেসামরিক সদস্যকে হত্যা করেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়- আল-কায়েদা যোদ্ধারা হামা প্রদেশের আল-জারা গ্রাম দখল করে ওই ১৯ ব্যক্তিকে তাদের নিজ বাড়িতেই গুলি করে হত্যা করে। এই ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
আল-কায়েদার এই হামলার সময় আল-জারা গ্রাম রক্ষা করার চেষ্টা করতে গিয়ে সরকারপন্থী ৮ মিলিশিয়াও নিহত হয়।
অবজারভেটরি প্রধান রামি আবদেল রহমান এএফপিকে দেয়া এক বিবৃতিতে বলেন- হামলার সময় তারা বাড়িঘরে ঢুকে কয়েকটি পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে ছয় নারীসহ অন্তত ১৯ বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা হামার গ্রামবাসীদের হত্যার এ ঘটনার নিন্দা জানিয়েছে। বার্তা সংস্থার রিপোর্টে আরো বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠী আল জারা গ্রামে ঢুকে নৃশংস হত্যাকাণ্ড চালায় এবং ভাংচুর ও লুটরাজ করে।
Design and developed by ওয়েব হোম বিডি