৯০ শতাংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জামায়াত : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬

৯০ শতাংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জামায়াত : তথ্যমন্ত্রী

Manual7 Ad Code

1457188735989

সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তদন্তে দেখা গেছে, অপরাধীদের ৯০ শতাংশের সঙ্গেই জামায়াতে ইসলামীর সংস্রব রয়েছে। এই জামায়াতপন্থীরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। গতকাল শুক্রবার নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে ইনু এসব কথা বলেন। ছয় দিনের সফরে তিনি এখন ভারতে আছেন।

Manual1 Ad Code

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ভারত সফরে আলোচনা কার্যত হয়ে দাঁড়াল সন্ত্রাসময়। এতটাই যে সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করাতেও তিনি দ্বিধাগ্রস্ত হলেন না। বেলুচিস্তান প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি যা বলেছেন, তা সমর্থন করে আজ ওই সংবাদ সম্মেলনে ইনু সরাসরিই জানালেন, সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানের ‘ট্র্যাক রেকর্ড’ অত্যন্ত খারাপ। বরাবরই তাদের চরিত্র আক্রমণাত্মক। বাংলাদেশে সন্ত্রাসীদের মদদ দেওয়ার কারণে তাদের কূটনীতিকদের তাড়িয়ে পর্যন্ত দিতে হয়েছে।

প্রধানত সন্ত্রাসের প্রশ্নেই এ বছর ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে হাসানুল হক ইনু জানান, সার্কের একটা ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতা বজায় থাকা উচিত। তবে সন্ত্রাসের প্রশ্নটিও উপেক্ষণীয় নয়। শীর্ষ সম্মেলনে নিরাপত্তার বিষয়টি পাকিস্তানকেই ঠিক করতে হবে।

বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তদন্তে দেখা গেছে, অপরাধীদের ৯০ শতাংশের সঙ্গেই জামায়াতের সংস্রব রয়েছে। এই জামায়াতপন্থীরা ৭১-এর স্বাধীনতাসংগ্রামের বিরোধিতা করেছিল। তারা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে। পাকিস্তান এদের সব রকমভাবে মদদ দেয়। এ বিষয়ে তাদের ট্র্যাক রেকর্ড অত্যন্ত খারাপ।

সন্ত্রাসের সার্থক মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের তথ্য মন্ত্রণালয়ের যৌথভাবে কী কী করা প্রয়োজন, তা খতিয়ে দেখাই ছিল হাসানুল হক ইনুর ভারত সফরের লক্ষ্য। ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে এ নিয়ে তিনি দীর্ঘ বৈঠক করেছেন। সে প্রসঙ্গে ইনু বলেন, উপমহাদেশে এই মুহূর্তের সবচেয়ে বড় বিপদ সন্ত্রাসবাদ। সন্ত্রাসীরা ভুল তথ্য প্রচার করে জনমন প্রভাবিত করে, ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে মানুষকে বিপথে চালিত করে, ইতিহাসের বিকৃতি ঘটায় এবং সাম্প্রদায়িকতা ছড়ায়। এর মোকাবিলার জন্যই দুই দেশের তথ্য মন্ত্রণালয়ের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।

Manual2 Ad Code

সহযোগিতার সেই ক্ষেত্র কীভাবে বিস্তৃত হতে পারে, সেই প্রসঙ্গে জাসদ সভাপতি ইনু বলেন, এই লক্ষ্যে তথ্যের অবাধ আদান-প্রদানে দুই দেশের মধ্যে একটা স্মারক সমঝোতা স্বাক্ষরিত হবে। একটা যুগ্ম ওয়ার্কিং গ্রুপ গঠিত হবে। তথ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রচারমাধ্যমগুলোর মধ্যে নিরন্তর যোগাযোগ রাখা হবে।

Manual4 Ad Code

ইনু-ভেঙ্কাইয়া বৈঠকে ঠিক হয়েছে, ২০২০ সালে বঙ্গবন্ধুর ১০০ বছর ও ২০২১ সালে মুক্তিযুদ্ধের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে দুটি প্রামাণ্য তথ্যচিত্র তৈরি করা হবে। তাঁর কথায়, ‘টুকরো টুকরো ডকুমেন্টেশন থাকলেও এই দুই বিষয়ে পুরোপুরি তথ্যনির্ভর ও ইতিহাসধর্মী কোনো কাজ এখনো নেই। মুক্তিযুদ্ধে আট হাজার ভারতীয় সেনা প্রাণ হারান। সেই তালিকা আমরা চাই। আমরা চাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের শ্রদ্ধা ও সম্মান জানাতে। দুই দেশের যৌথ উদ্যোগে এসব কাজ করা হবে, যাতে ইতিহাসের বিকৃতি না ঘটে।’

তিনি বলেন, বাংলাদেশ বেতার ও টেলিভিশন এবং আকাশবাণী ও দূরদর্শনে বিশেষ সময়ে অন্য দেশের খবর ও অনুষ্ঠান সম্প্রচারের বিশেষ ব্যবস্থাও করা হচ্ছে। তথ্যের অবাধ আদান-প্রদান হবে বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার। বন্ধ থাকা দুই দেশের চলচ্চিত্র উৎসব নতুনভাবে শুরু করা হবে। সহযোগিতা বাড়ানো হবে ফিল্ম উন্নয়ন করপোরেশনের মধ্যে। তৈরি হবে যৌথ প্রযোজনায় নতুন নতুন সিনেমা। ধর্মের অপব্যাখ্যা রুখতে নিরন্তর প্রচার করা হবে ধর্মের প্রকৃত ব্যাখ্যা। তিনি জানান, অপব্যাখ্যার কারণেই ভারতের ইসলামি বক্তা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের ওলামারাই তাঁর শিক্ষার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন।

Manual3 Ad Code

বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল ভারতে দেখানোর বিষয়ে ভেঙ্কাইয়াকে ইনু বলেছেন, সার্ক সদস্য দেশগুলোর জন্য কোনো বিশেষ সম্প্রচার ফি ব্যবস্থা করা যায় কি না, তা ভেবে দেখতে। এ বিষয়ে বাংলাদেশের মানুষের মনে অনেক দিন ধরেই একটা ক্ষোভ জমা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code