সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: পুরান ঢাকার মিটফোর্ড এলাকার বিভিন্ন ওষুধের দোকান থেকে সোমবার বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। এর মধ্যে সরকারি ওষুধ ও গরু মোটাতাজা করার ওষুধ রয়েছে।
এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চন্দন দাস (৪৫) ও ফজলুল হক (৪০) নামের দুই ওষুধ ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাব-১০–এর ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম প্রথম আলোকে বলেন,মিটফোর্ড এলাকায় ১২টি ওষুধের দোকানে আজ বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালানো হয়।
এসব দোকান থেকে চার কোটি টাকার ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে সরকারি বিনা মূল্যে বিতরণের জন্য বিভিন্ন ধরনের ইনজেকশন ও অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে। এর বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।
এ ছাড়া এসব দোকান থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের গরু মোটাতাজা করার ওষুধও জব্দ করা হয়। জব্দ হওয়া ওষুধের অর্ধেকই পাওয়া যায় চন্দন দাসের মালিকানাধীন আলপনা মেডিকেল হল ও ফজলুল হকের তিতাস মেডিকেল হল নামের দুটি দোকান থেকে।
নির্বাহী হাকিম আরও বলেন, কোরবানির ঈদের আগে অসাধু ব্যবসায়ীরা গরু মোটাতাজা করার ওষুধ মজুত করছেন, এমন তথ্যের ভিত্তিতে এসব দোকানে অভিযান চালানো হয়।
গত শনিবারও মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকটি খামারে অভিযান চালিয়ে ছয় লাখ টাকা মূল্যের গরুর মোটাতাজা করার ওষুধ জব্দ করে একজনকে কারাদণ্ড দেওয়া হয়। এসব ওষুধ অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল।
Design and developed by ওয়েব হোম বিডি