সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: দেশের আর্থ–সামাজিক উন্নয়নে জনগণের সমস্যা চিহ্নিত করে তা সরকারকে জানাতে দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের নবগঠিত সভাপতিমণ্ডলীর বৈঠকে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেছেন, দলের দায়িত্ব হচ্ছে জনগণের সমস্যা চিহ্নিত করে সরকারকে জানানো। আমরা আর্থ–সামাজিক উন্নয়ন করব, দল আমাদের সহযোগিতা করবে। ২২ ও ২৩ অক্টোবর ২০তম জাতীয় কাউন্সিলের পর এটি সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক।
বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্যাহ, সাহারা খাতুন,ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন ও পীযূষ কান্তি ভট্টাচার্য উপস্থিত ছিলেন। সৈয়দ আশরাফুল ইসলাম প্রথম বৈঠকে অংশ নেননি, শুক্রবারই তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
আওয়ামী লীগ ‘শুধু রাজনৈতিক দল নয়, একটি প্রতিষ্ঠান’ মন্তব্য করে বৈঠক শেষ হাসিনা বলেন,আওয়ামী লীগ দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। এখন আমাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে। সম্মেলন অত্যন্ত সফল হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সম্মেলনে আসা বিদেশি অতিথিরাও বলেছেন, আমাদের আর্থ–সামাজিক উন্নয়নের প্রশংসা করেছে। আমরা স্বাধীনতা অর্জন করেছি, বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে। খবর বিডিনিউজ।
Design and developed by ওয়েব হোম বিডি