সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: নির্বাচন কমিশন সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিরপেক্ষ ইসি গঠনে বিএনপির প্রস্তাবকে রাষ্ট্রপতি যেখানে সাধুবাদ জানিয়েছেন সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংশয় দুঃখজনক।
সোমবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে দেওয়া প্রস্তাবে কোথাও কারও নাম উল্লেখ করা হয়নি। সার্চ কমিটি কিংবা নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দল সমির্থত কাউকে করার ইচ্ছা প্রতিফলিত হয়নি। বরং বিএনপির প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচন কমিশন হতে হবে সবার কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ। প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আরো যাতে নিরপেক্ষ করা যায় সে ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে নীতি নৈতিকতার ব্যত্যয় কোথায় ঘটলো তা বোধগম্য নয়।
তিনি বলেন, সংবিধানে নির্দেশনা আছে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আইন তৈরি করতে হবে। আওয়ামী লীগ ও সরকারের যদি সৎ ইচ্ছা থাকে যে আমরা একদলীয় শাসন কায়েম করব না, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর অন্তর্গত তাগিদ থাকে, তাহলে অবশ্যই একটি শক্তিশালী সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন করবে। এখানে সংশয়ের কথা বললে দিনকে দিন আওয়ামী লীগ মানুষের কাছে কলঙ্কিত হবে।
Design and developed by ওয়েব হোম বিডি