সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগ সমর্থন করে এমন কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে (ইসি) থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ২০নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, অতীতে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি যা করেছে আওয়ামী লীগ তা করবে না।
সরকারের ইচ্ছায় গঠিত ইসি খালেদা জিয়ার গ্রহণযোগ্য হবে না, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আপনার সঙ্গে সহমত পোষণ করে বলছি, আপনি যে আজিজ মার্কা ইসি গঠন করেছিলেন, সেই এম এ আজিজ বিএনপির সমর্থক ছিলেন। একে এম হাসানকে উপদেষ্টা করেছিলেন তিনি বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তাহলে আজকে নিরপেক্ষতার কথা বলছেন কেন। আপনি ঠিক বলেছেন, সরকারের ইচ্ছায় গঠিত ইসির বিষয়ে আপনার বক্তব্যের সঙ্গে আমি সহমত কারণ ইসি গঠন সরকারের কোনো ইচ্ছায় নেই।
তিনি বলেন, ইসি গঠনে শেখ হাসিনা যাদের নাম প্রস্তাব করবেন, সেখানে কোনো আওয়ামী লীগের সমর্থকের নাম থাকবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর রাষ্ট্রপতি ইসি গঠনে যে নাম নেবেন তাতেও বিএনপি বা আওয়ামী লীগের কারো নাম থাকবে না। যে কাজ বিএনপি করেছিলো আওয়ামী লীগ তা করবে না।
Design and developed by ওয়েব হোম বিডি