সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: অতীতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্য যেমন ভালো সম্পর্ক চেয়েছে, এখনও তারা তেমনি চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দেখতে আগ্রহী যুক্তরাজ্য। দেশটি চায় বাংলাদেশে একটি প্রতিনিধিত্বশীল সরকার হোক। নির্বাচনেও এর প্রতিফলন দেখতে চায় তারা।
শনিবার বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এর আগে আজ শনিবার বিকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মন্ত্রী অলোক শর্মা এমন অভিমত ব্যক্ত করেন।
বৈঠকশেষে বেরিয়ে এসে সাংবাদিকদের বিএনপির মহাসচিব জানান, যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা, প্রশিক্ষণ ও এবং ভিসা জটিলতার ওপর আলোচনা হয়েছে। লন্ডনের ভিসা ঢাকা থেকে এখনও করা যায় না। সেটি দিল্লি থেকে সংগ্রহ করতে হয়। এ বিষয়টিও মন্ত্রীর নজরে আনা হয়েছে।
বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের ফখরুল জানান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক উন্নয়নের উপায়, ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার বিষয়টিও নিয়েও আলোচনা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি