সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিস্তা চুক্তি এবার না হলেও কিছুদিন পরে হবে। কিন্তু গঙ্গা চুক্তি যার হাত ধরে হয়েছে, তিস্তা চুক্তি তিনিই করবেন।
শুক্রবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ভারতের সঙ্গে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বন্ধুত্ব চাই না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা সমতার ভিত্তিতে সম্পর্ক চাই। চুক্তি সামরিক-অসামরিক যে চুক্তিই হোক, তা হবে বাংলাদেশের স্বার্থে। চুক্তি হবে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে। এর বাইরে কোনো চুক্তি হবে না।
জঙ্গিবাদের ঘটনা সরকার অতিরঞ্জিত করছে বিএনপি নেতাদের এমন দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, গত কয়েক মাসে যে ঘটনাগুলো হলো, এই সব ঘটনা কী অতিরঞ্জিত? আসলে জঙ্গিবাদকে যারা পৃষ্ঠপোষকতা করে, জঙ্গিবাদকে মদদ দিয়ে, তাদের দুঃসাহসের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আজকে সরকারের জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ডে তাদের অন্তর্জ্বালা ও গা জ্বালা ধরেছে।
ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি