সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুন ৩, ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি :: জেলার নবীগঞ্জে মসজিদের সীমানা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় ছবুর মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
শনিবার (০৩ জুন) সকাল ১০টার দিকে সদর ইউনিয়নের কানাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছবুর মিয়া একই এলাকার বাসিন্দা। এদিকে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই এলাকায় মসজিদের সীমানা নিয়ে আবদুল বারিক এবং ছবুর মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার বাদ জুমা তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন উপস্থিত লোকজন তাদের থামিয়ে দেন।
এরই জের ধরে শনিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে জখম হয়ে ছবুর মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রুমান মিয়া (২৩) নামে একজনকে আটক করেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে গ্রামে অভিযান অব্যাহত রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি