সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: সরকার কর্মসূচি পালনে বাধা দিচ্ছে বলে বিএনপি নেতারা যে অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘তাদের অভিযোগ ভিত্তিহীন। তারাতো বিভিন্ন জায়গায় কর্মসূচি দিচ্ছে কিন্তু সেখানে তারা তাদের নেতাদের সামনে নিজেরাই দ্বন্দ্ব-সংঘাত করে কর্মসূচি পণ্ড করছে।’
মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মোজাফফর হোসেন পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভুয়া জন্মদিনের নামে ১৫ আগস্ট কেক কাটেন। এটাকে আমরা ঘৃণা করি। ভুয়া জন্মদিন পালন না করতে আমরা তাকে আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘পর্দার আড়ালের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন সংগ্রামী নারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে উঠার পেছনে তার অসামান্য অবদান রয়েছে।’
এ সময় তিনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আদর্শকে হৃদয়ে ধারণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
এদিকে, আজ বেলা ১১টায় বনানীর সেতু ভবনে পূর্ব ও দক্ষিণবঙ্গে বিভিন্ন নদীর উপর চার সেতু নির্মাণের সম্ভাবতা সমীক্ষার পরামর্শক নিয়োগের চুক্তি সই অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, যা কিছু হবে সংবিধান অনুযায়ী হবে। সহায়ক সরকারের দাবি জনগণের বলে প্রমাণ নেই। তাই আওয়ামী লীগ এ দাবি মানতে বাধ্য নয়।
Design and developed by ওয়েব হোম বিডি