সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: রান্নার কাজে ব্যবহৃত মসলা ও পেঁয়াজের দাম বারবার বৃদ্ধি পাওয়ার ব্যাখ্যা চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাণিজ্য সচিব, বাংলাদেশ শুল্ক কমিশনের চেয়ারম্যান এবং টিসিবি’র চেয়ারম্যানকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে আগামী তিনদিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, গত একমাসে (জুলাই-আগষ্ট) তিনদফায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি করা হয়। গত ১৩ আগষ্ট টিসিবি’র মূল্য তালিকা থেকে দেখা যায়, গত ১৩ জুলাই দেশি পেয়াজ ২৮-৩২ টাকা কেজি, আমদানীকৃত পেঁয়াজ ২২-২৫ টাকা কেজিপ্রতি মূল্য নির্ধারণ করা হয়। এরপর গত ৬ আগষ্ট দেশি পেঁয়াজের মূল্য বাড়িয়ে ৩০-৩৫ এবং আমদানীকৃত পেঁয়াজ ৪৫-৫০ টাকা করা হয়। সবশেষ গত ১৩ আগষ্ট দেশি পেঁয়াজ ৫০-৫৫ টাকা এবং আমদানী করা পেঁয়াজের মূল্য ৬০-৬৫ টাকা ধরে প্রায় একমাসে পেঁয়াজের মূল্য তিনবার বৃদ্ধি পায়।
পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ব্যাখ্যা চেয়ে উক্ত নোটিশ পাঠানো হয়। নোটিশের উপযুক্ত জবাব না পেলে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নোটিশ প্রদানকারী আইনজীবী।
Design and developed by ওয়েব হোম বিডি