সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০১৭
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। সেইসঙ্গে আগামী ৯ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দেন খালেদা জিয়া। এ সময় তার স্থায়ী জামিন আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে তা না মঞ্জুর করেন বিশেষ জজ ড. আক্তারুজ্জামান।
পরে আত্মপক্ষ সমর্থন করে তৃতীয় দিনের মতো বক্তব্য রাখেন খালেদা জিয়া। ১৫ মিনিটের মতো আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেয়ার পর তিনি মুলতবি প্রার্থনা করেন।
খালেদা জিয়া বলেন, ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতারা হুমকি দিচ্ছে, আমাকে রাজনৈতিক অঙ্গন থেকে বিদায় করে দেয়া হবে। অসৎ উদ্দেশ্যে রাজনৈতিক অঙ্গন থেকে সরাতে আমাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার নীলনকশা প্রণয়ন করছে ক্ষমতাসীনরা।
তিনি আরও বলেন, মাননীয় আদালত, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার অনেক সদস্য এবং শাসক দলের অনেক নেতা আমাকে দোষী সাব্যস্ত করে বক্তব্য দিয়েছেন। আমাকে অভিযুক্ত করে বিরূপ প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা এসব মামলার রায় কী হবে, তা আগাম জানেন। অনেকে তাদের বক্তব্যে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, আমাকে রাজনীতি থেকে বিদায় করে দেয়া হবে বলে হুমকি দিচ্ছেন ক্ষমতাসীনরা। সে বিষয়ে এরই মধ্যে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সরকারের উচ্চ মহলে তৎপরতায় বক্তব্য ও বিবৃতি থেকে এসব স্পষ্টভাবে প্রতীয়মান হয়। আজ সেসব কারণে দেশবাসীর কাছে গুরুতর সন্দেহ রয়েছে, আমার বিরুদ্ধে মামলাগুলোর ন্যায়বিচার হবে না।
তিনি আরও বলেন, আমার মাঝেমধ্যে মনে হয়, শেখ হাসিনার কাছে জাদুর কাঠি আছে। সেই জাদুর কাঠির ছোঁয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম-চাঁদাবাজিসহ সব মামলা সরকারে আসার পর উঠে গেছে অথবা খারিজ হয়ে গেছে। আমাদের কারো হাতে তেমন কোনো জাদুর কাঠি নেই। কাজেই আমাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সচল হয়েছে এবং আরো নতুন নতুন মামলা হয়েছে। অথচ দেশে কত গুরুত্বপূর্ণ মামলা বছরের পর বছর ঝুলছে। শুধু আমার বিরুদ্ধে মামলাগুলো রকেটের গতিতে ছুটে চলছে। যেন কেউ পেছন থেকে তাড়া করছে, শিগগির শেষ কর, একটি রায় দাও। অনেক মন্ত্রীদের বলতে শুনেছি, আমাকে দণ্ড দিয়ে কাশিমপুর কারাগারে পাঠাবে।
খালেদা জিয়া আরও বলেন, আত্মপ্রচারের জন্য আমি এই বক্তব্য দিচ্ছি না। বাড়তি কোনো সুবিধা ও মার্যাদা দাবি আদায়ের কোনো অভিপ্রায়ও অমার নেই। আমি শুধু বলতে চাই, একই মামলায় অভিযুক্ত হয়ে আরেকজন নেত্রী যে সুবিধা ভোগ করছেন, আমি কখনো আদালতের কাছে তেমন সুবিধা দাবি করিনি। দেশের সাধারণ সিনিয়র সিটিজেন হিসেবে অধিকার পেলেই আমি খুশী।
বিএনপি চেয়ারপার্সন বলেন, জনগণের মৌলিক মানবিক অধিকার এবং বিচার বিভাগের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার চেষ্টা করেছি। দেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার নিরলস প্রয়াসে কখনও বিরতি দেইনি। আমি বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছি। আমি নিজেকে আইন ও বিচারের ঊর্ধ্বেও মনে করি না। কিন্তু আজ আমার প্রতি যে আচরণ করা হচ্ছে তা আমার অবস্থা ও ভূমিকার সঙ্গে যায় কিনা? এর মাধ্যমে বৈষম্য করা হচ্ছে কিনা সেটা আদালতের বিবেচনার বিষয় বলে মনে করি।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়া হয়।
মামলার অন্য আসামিরা হলেন, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ অপর মামলাটি হয়। ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক হারুন অর রশিদ। খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
এ মামলার অপর আসামিরা হলেন, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
Design and developed by ওয়েব হোম বিডি