‘বিএনপির সমাবেশমুখী জনস্রোত ঠেকাতে পারবে না সরকার’

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭

‘বিএনপির সমাবেশমুখী জনস্রোত ঠেকাতে পারবে না সরকার’

Manual4 Ad Code

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশকে পন্ড করতে সরকার আশপাশের জেলাসহ বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী গণপরিবহন বন্ধ করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী। তিনি বলেন, এ সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হয়েছে। তবে তাতে কোনো কাজ হবে না। বিএনপির সমাবেশমুখ জনস্রোত ঠেকাতে পারবে না সরকার।

Manual2 Ad Code

রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকার এই সমাবেশকে ব্যর্থ করতে গণগ্রেপ্তার অভিযান চালাচ্ছে। এত দিন পরে সমাবেশ, সেটাকে সরকার ব্যর্থ করার জন্যই গত রাতে সবচেয়ে বেশি গ্রেপ্তার করেছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করে সরকার এই সমাবেশের ঢল থামাতে চাচ্ছে।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, আমরা খবর পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে গণপরিবহনগুলো সরকার বন্ধ করে দিয়েছে। আজকে রাস্তাঘাটে যানবাহন নেই বললেই চলে। গ্রেপ্তার আতঙ্কে রেখেছে নেতাকর্মীকে। এটাই সরকারের অগণতান্ত্রিক আচরণ।

রিজভী বলেন, তারা (সরকার) সমাবেশের অনুমতি দিলেও সোহরাওয়ার্দী উদ্যানের মূল জায়গা ব্যবহার করতে দেয়নি। এসব করে সরকার জনতার ঢলকে থামাতে পারবে না। দুপুরের পরেই সমাবেশস্থলের সর্বত্র জনসমুদ্রে পরিণত হবে।

Manual2 Ad Code

প্রসঙ্গত, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার (১২ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছে বিএনপি। ইতোমধ্যে সমাবেশস্থলে মঞ্চ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঞ্চের চারপাশে অসংখ্য ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সমাবেশে বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন খালেদা জিয়া। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

তবে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে অংশ নিতে আসা দলটির নেতাকর্মীরা পুলিশি বাধার মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত গাজীপুরে ৪৮ ও সাভারে ৭ বিএনপির নেতাকর্মীকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। এছাড়া সকাল থেকে হঠাৎ করে রাজধানীতে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ।

এদিকে এই সমাবেশের মধ্য দিয়ে দীর্ঘ ১৯ মাস পর রাজধানীতে জনসভা করতে যাচ্ছে বিএনপি। এর আগে সর্বশেষ, ২০১৬ সালের ১ মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করে বিএনপি। এর আগে ওই বছরের ৫ জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সুযোগ পায় দলটি। ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সেই সমাবেশ করে বিএনপি। শ্রমিক দল এর আয়োজন করে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code